মৃত্যুর কারণ জানতে কবর থেকে তোলা হবে সেলিম খান-শান্ত খানের মরদেহ
নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের আলোচিত সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ। তিনি জানান, মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। আবেদনটি অনুমোদন হয়েছে। তবে কবে মরদেহ উত্তোলন করা হবে, তা পরে জানানো হবে।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছাড়ার সময় সেলিম খান ও শান্ত খান প্রথমে ফরক্কাবাদ বাজার এলাকায় জনরোষের মুখে পড়েন। পরে বাগড়া বাজার এলাকায় তাদের ওপর গণপিটুনির ঘটনা ঘটে। এতে বাবা-ছেলে দুজনই নিহত হন।
পরিস্থিতি বিবেচনায় সে সময় ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পর দাফন করা হয়েছিল। তাদের নিজ বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে মরদেহ দাফন করা হয়।
সেলিম খান লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। অন্যদিকে, তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।
এখন ময়নাতদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণসহ মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
আ.দৈ/আরএস




















