সংসদ ভবন এলাকায় শিক্ষিকা হত্যা: দুই আসামির স্বীকারোক্তি আদালতে
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশা থেকে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন রুলিকে (৫৫) ফেলে দেওয়ার ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের একজন খোকন ও অন্যজন রাজিব। জবানবন্দি শেষে দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার খোকন ও রাজিবকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তারা স্বেচ্ছায় ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে খোকনের জবানবন্দি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন এবং রাজিবের জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে রেকর্ড করা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট রাতে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন স্বামী আব্দুল মতিনের সঙ্গে ঢাকায় আসেন। পরদিন ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর তারা রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন। সেখানে রনজিনার চোখের চিকিৎসা নেওয়ার কথা ছিল।
রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা পেছন দিক থেকে রনজিনার ব্যাগ ধরে টান দেয়। হঠাৎ টানে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রনজিনার স্বামী আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আ. দৈ./একে




















