বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ০)
X

যেকোনো পরিস্থিতিতে দেশের নাগরিকদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচার ব্যবস্থার সক্ষমতা জোরদার বিষয়ক জাতীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) যৌথভাবে এ সভার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, মানবপাচার অত্যন্ত গুরুতর ও অমানবিক অপরাধ। পাচারকারীরা মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।

মানবপাচার প্রতিরোধে বেশ কয়েকটি আইন সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশোধিত আইনে মানবপাচারের সংজ্ঞা আরও বাস্তবসম্মত ও বিস্তৃত করা হয়েছে। অনলাইন জুয়া, পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডকে আইনি কাঠামোর আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ ২০১৯ সালের সেপ্টেম্বরে মানবপাচারবিষয়ক আন্তর্জাতিক প্রোটোকল অনুসমর্থন করেছে। এরপর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

তবে মানবপাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল, অভিযোগকারীদের সহযোগিতা এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহসহ কিছু সীমাবদ্ধতা রয়েছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।

বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে মানুষের যাওয়া বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, অনেকেই পর্যটন ভিসায় বিদেশ গিয়ে পরবর্তী সময়ে অবৈধ অভিবাসীতে পরিণত হন। বিদেশে যাওয়া বাংলাদেশিদের অধিকার কীভাবে আরও কার্যকরভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।

আইনমন্ত্রী বলেন, সরকারের কিছু ঘাটতি থাকতে পারে। তবে নাগরিকদের অধিকার সুরক্ষায় সরকার যেকোনো গঠনমূলক পরামর্শকে স্বাগত জানায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝