সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহতা, ১৭ দিনেই ৭৯ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৭৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও পাঁচজন। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। অন্য একজনের মৃত্যু হয়েছে রংপুর বিভাগে। একদিনে নতুন রোগী ভর্তির হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে খুলনা বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশালে ২১১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯২, ঢাকা বিভাগে ১৯০, রাজশাহী বিভাগে ১০২, ময়মনসিংহে ৬৪, রংপুরে ৩৫ এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছিল। আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩-এ। আর সেপ্টেম্বরের মাত্র ১৭ দিনেই মারা গেছেন ৭৯ জন।
অর্থাৎ, জুলাই ও আগস্ট মিলিয়ে দুই মাসে যতজনের মৃত্যু হয়েছে, সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনেই তার চেয়ে বেশি মানুষের প্রাণ গেছে ডেঙ্গুতে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে।
এরপর খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে আট এবং রংপুরে চারজন মারা গেছেন। সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এই পরিসংখ্যান দেশের বিভিন্ন অঞ্চলে রোগটির বিস্তারের মাত্রা তুলে ধরছে। বিশেষ করে সেপ্টেম্বরের শুরু থেকেই মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ায় পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।
আ.দৈ/এসআর




















