আগামী জুনের আগেই ইউপি ভোট, উপনির্বাচনে থাকবে সেনা: ইসি
নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের ৬ জুনের আগেই দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে নির্বাচন কমিশনের। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনায় আগামী বছরের জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
নির্বাচন কমিশনার জানান, জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও দায়িত্ব পালন করবে। জাতীয় নির্বাচনে ব্যবহৃত প্রযুক্তির পাশাপাশি আরও উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইউপি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কয়েকটি বাস্তব চ্যালেঞ্জ রয়েছে বলেও জানান সানাউল্লাহ। বিশেষ করে বন্যার কারণে শিক্ষা খাতে তৈরি হওয়া ক্ষতি এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই নির্বাচন পরিচালনায় শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় রাখতে হচ্ছে।
তিনি বলেন, প্রশিক্ষণ ও নির্বাচনি দায়িত্ব পালনের জন্য একজন শিক্ষককে প্রায় এক সপ্তাহ সময় দিতে হয়। এর পাশাপাশি খাতা মূল্যায়ন, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমও রয়েছে। এসব বিষয় যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর দিচ্ছে কমিশন।
সময়সূচি নিয়ে তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা থাকায় সময় সংকট রয়েছে। জানুয়ারিতে কিছুটা সুযোগ পাওয়া গেলেও ফেব্রুয়ারিতে রোজা এবং পরে এসএসসি পরীক্ষা শুরু হবে। আবার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগ পর্যন্ত কিছুটা সময় পাওয়া যেতে পারে।
নির্বাচনের তারিখ ঘোষণার আগে বাজেট, জনবল ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় শেষ করা হবে বলে জানান তিনি। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কমিশন বৈঠকে ইউপি নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।
আ.দৈ/আরএস




















