বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৭)
X

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব এবং অর্থপাচারসংক্রান্ত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে দুদক। সংস্থাটির উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা চিঠিতে আসিফ মাহমুদ, তাঁর স্ত্রী এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কোম্পানির আর্থিক তথ্য সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, অর্থপাচারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবেই বিএফআইইউর কাছে তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে বাংলাদেশে থাকা ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে তাঁদের হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে সঞ্চয়ী ও চলতি হিসাব, ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, ঋণ, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং সংশ্লিষ্ট লেনদেনের রেকর্ড রয়েছে।

এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে আসিফ মাহমুদ বা তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কোনো সম্পদ, বিনিয়োগ বা ব্যাংক হিসাব রয়েছে কি না, তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগ, ডিসি পদায়ন, টেন্ডার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প, ঘুষ ও অর্থপাচারসংক্রান্ত আরও অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

তবে দুদক জানিয়েছে, বিদেশে অর্থপাচার ও সম্পদের বিষয়ে যেসব তথ্য পাওয়া গেছে, সেগুলো অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এসব অভিযোগের সত্যতা নিশ্চিত বলা যাচ্ছে না।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝