শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত: রিজভী
নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের ফেরত চেয়ে বাংলাদেশ সরকার বারবার অনুরোধ জানালেও ভারত তাতে সাড়া দিচ্ছে না। তার দাবি, এ অবস্থায় দুই দেশের সম্পর্কের উন্নয়ন সম্ভব নয়। ভারত আরও কয়েকজন অভিযুক্তকে আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পরদিনই আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে সমস্যা দেখা দেয়। এ ঘটনাকে তিনি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন।
এর আগে আদানি পাওয়ারের বিদ্যুৎ সরবরাহে কারিগরি ত্রুটির কারণে সাময়িক বিঘ্ন ঘটার খবর প্রকাশিত হয়েছিল। পরে প্রতিষ্ঠানটি জানায়, ত্রুটি মেরামত করে উভয় ইউনিট পুনরায় চালু করা হয়েছে এবং বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হচ্ছে।
রিজভী আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
আ.দৈ/আরএস




















