ঢাকা-১ এর এমপি আশফাকের সঙ্গে ঢাকা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নিজেস্ব প্রতিবেদক

ঢাকার স্থানীয় সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরামের (ডিএসএফ) নেতৃবৃন্দ ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা খোন্দকার আবু আশফাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এমপির সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর এমপি আশফাকের সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেন। সাক্ষাৎকালে ডিএসএফ নেতৃবৃন্দ ঢাকার বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় সংসদ সদস্য আশফাক তার বর্তমানের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নেতৃবৃন্দকে অবহিত করেন।
তিনি বলেন, ঢাকার মানুষ হয়েও আমরা সহজে দোহার ও নবাবগঞ্জ যেতে পারি না। তাই ঢাকা থেকে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার, শ্রীনগর এই রাস্তাটি ফোর লেন করার জন্য আমাদের দাবি রয়েছে। এটি নিয়ে আমরা কাজ করছি। তারপর মৈনটঘাটকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদকসেবি থেকে যারা ডিলার বা বড় বিক্রেতা রয়েছে, তাদের ধরতে হবে।
তিনি সকলকে মাদকের ডিলারদের নামের তালিকা দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। দোহার ও নবাবগঞ্জে খাল খনন ও উদ্ধারের বিষয়েও কথা বলেন তিনি। বলেন, ইছামতি নদী খনন করে সরাসরি পদ্মার সঙ্গে সংযোগ স্থাপনের কার্যক্রম চলছে। আর খালের জমি যেই দখল করুক, সেগুলো উদ্ধার করা হবে। দোহারে মৈনটঘাট ও নবাবগঞ্জে কৈলালে বেজার দুইটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
এসময় সংগঠনের সভাপতি ও রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানবজমিনের রাশিম মোল্লা,প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আজকের দৈনিকের বিশেষ প্রতিনিধি মো. আবুল কাশেম , তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের আল মোহাইমিনুল খান এবং নারী বিষয়ক সম্পাদক দ্য বিজনেস ফাইলের সৈয়দা রিমি কবিতাসহ সংগঠনের সদস্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সুলতানা জাহান মিতু ও এটিএন বাংলার ঐশী গোস্বামী উপস্থিত ছিলেন।
আ. দৈ./একে




















