সাগর-রুনি হত্যায় ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের কানেকশন’ পেয়েছে ট্রাইব্যুনাল
নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রোববার সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনার সময় ওই ব্যক্তির সঙ্গে সাগর-রুনি হত্যার একটি যোগসূত্র পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আমিনুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে তা সাগর-রুনি হত্যা মামলার তদন্তকারী সংস্থা পিবিআইকে দেওয়া হবে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের বাসায় সাগর-রুনি খুন হন। দীর্ঘ ১৪ বছরেও মামলার তদন্ত শেষ হয়নি। সর্বশেষ আগামী ৩০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য হয়েছে। এ নিয়ে প্রতিবেদন দাখিলের সময়সীমা ১২৯ বার পিছিয়েছে।
আ.দৈ/আরএস




















