রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা: ডনের আচরণে মিলছে জড়িত থাকার তথ্য-প্রমাণ: সিআইডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম   (ভিজিট : ২৬)
X

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচরণ ও গতিবিধি বিশ্লেষণ করে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় মামলার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মুজিবুর রহমান। আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের সম্পর্কে ডনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন।

সিআইডির দাবি, সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ডন তার ব্যক্তিগত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেন। কিন্তু অভিনেতার মৃত্যুর আগে, ঘটনার সময় এবং পরবর্তী সময়ে ডনের আচরণ ও গতিবিধি বিশ্লেষণ করে তদন্তকারীরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এসব তথ্য বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত সংস্থাটি আরও জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ডন কৌশলীভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং কিছু তথ্য এড়িয়ে গেছেন। তদন্তের প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করা হয়।

এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৭ আগস্ট আদালত জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝