জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা
নিজস্ব প্রতিবেদক

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এইচ এম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম জানান, আদালতের জামিনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে বিকেল ৫টা ১২ মিনিটে বিদিশাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে ৬ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ বিদিশার জামিন মঞ্জুর করেন। আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর তার মুক্তির আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।
গুলশান থানায় দায়ের করা ২০০৮ সালের একটি প্রতারণা মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ওই সাজা পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। পরে উচ্চ আদালতে আপিল ও জামিনের আবেদন করলে জামিন পেয়ে মঙ্গলবার কারামুক্ত হলেন বিদিশা।
আ.দৈ/আরএস




















