চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরি ভিডিও ভাইরাল
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে ঈশ্বরদীগামী একটি ওয়াগন থেকে তেল নেওয়ার ঘটনা ঘটে। এতে ওয়েম্যানসহ সাতজন জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে ওয়াগনে উঠে জার, বালতি ও জগে করে তেল নামিয়ে নিতে দেখা যায়। ট্রেন চলতে শুরু করার পরও এক ব্যক্তিকে ওয়াগনের ওপর অবস্থান করতে দেখা যায়।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভিডিও দেখে অভিযুক্তদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে এবং আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। তবে চুরি হওয়া তেলের পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, হরিয়ান স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরেই ট্রেন থেকে তেল চুরির ঘটনা ঘটছে। সাধারণত রাতে চুরি হলেও মাঝেমধ্যে দিনের বেলাতেও এমন ঘটনা ঘটে।
তবে অভিযুক্ত ওয়েম্যান কিরন আলী তেল নেওয়ার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার ছোট ভাই নয়নসহ অন্যরা এ ঘটনায় জড়িত। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনার বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
আ.দৈ/আরএস





















