আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘প্রোপাগান্ডা’ হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে বিগত সরকারের প্রোপাগান্ডা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম। তবে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্যের মতো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ এখনো সরকারের হাতে নেই বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রতিবেদনটির বিষয়ে জাতিসংঘের কাছে বিস্তারিত জানতে চাইবে বাংলাদেশ। বিষয়টি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট পর্যবেক্ষক দলের প্রতিবেদনে বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখা (একিউআইএস) গোপন নেটওয়ার্ক গড়ে তোলার আশঙ্কা প্রকাশ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেদনটির ভিত্তি ও তথ্যের উৎস সম্পর্কে জাতিসংঘের কাছে জানতে চাওয়া হবে। এ বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থাকা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
আ.দৈ/আরএস





















