ঢাকায় ২০০ ইভি বাস, নারীদের জন্য থাকবে ১০০টি: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

ঢাকার গণপরিবহনকে পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস বিভিন্ন রুটে নারীদের জন্য পরিচালনা করা হবে।
মঙ্গলবার তেজগাঁওয়ে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, সরাসরি ক্রয় প্রক্রিয়ায় ইভি বাসগুলো কেনা হবে। আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া শেষ করতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে। ফসিল জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব গণপরিবহন গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য ১৩টি রুটে ১৪টি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে অন্যান্য বিভাগেও এ সেবা সম্প্রসারণ করা হবে।
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাসের পাশাপাশি অপেক্ষা ও ওঠানামার সময়ও নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন মন্ত্রী। একই সঙ্গে পিংক বাস সার্ভিস যেন অতীতের উদ্যোগগুলোর মতো কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আ.দৈ/আরএস





















