এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় দুটি প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে করনীতি প্রণয়ন ও রাজস্ব আদায়ের কার্যক্রম আলাদা করা হবে।
মঙ্গলবার ঢাকায় ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজস্ব নীতি বিভাগ সরকারের ‘থিংক ট্যাংক’ হিসেবে কর কাঠামো প্রণয়ন করবে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ রাজস্ব আদায় ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।
কর প্রদান সহজ করতে এন্ড-টু-এন্ড অটোমেশনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, করদাতাকে অপ্রয়োজনে কর্মকর্তাদের কাছে যেতে হবে না। একই সঙ্গে করের আওতা বাড়ানো, কর অব্যাহতি যৌক্তিক করা এবং কর ফাঁকি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। সরকারের লক্ষ্য ঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়ন ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলা।
আ.দৈ/আরএস





















