আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও খেলাধুলাভিত্তিক শিক্ষা পরিবেশ তৈরি করতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হবে।
মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এক কর্মশালায় এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট কমাতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্কুলমুখী করতে স্কুল ড্রেস ও মিডডে মিল কর্মসূচি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় মিডডে মিল চালুর পরিকল্পনাও রয়েছে।
মন্ত্রী আরও জানান, ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন একটি পাঠ্যবই তৈরির কাজ চলছে। এছাড়া ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণির কারিকুলামেও ‘খেলাধুলা’ বিষয়টি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শিশুদের শেখার আগ্রহ বাড়াতে আনন্দময় শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা। পাশাপাশি দেশীয় খেলাধুলার প্রসার ও শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।
আ.দৈ/আরএস





















