
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারত আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক ‘টুলস’ বা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জুলাই-আগস্ট বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ জুলাই স্মৃতি সংসদ আয়োজিত শহীদ পরিবারকে অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনের অনুমতি দেওয়া ছিল উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর দাবি, এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে অবজ্ঞা করা হয়েছে। তিনি আরও বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে, তবে সেখান থেকে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম বা অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া উচিত নয়।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের দিনেই তাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়া হয়েছে, যা সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয়। এ বিষয়ে ভারত সরকারের বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জুলাইয়ের চেতনা প্রসঙ্গে রিজভী বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের অবদান নিয়ে বিভাজন সৃষ্টি হলে তা পরাজিত শক্তিকে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ করে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















