বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক :

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের কতিপয় অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশে খুলনা ও রাজশাহী নগরে বিশ্ববিদ্যালয় স্থাপনের নিমিত্ত অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তিনি আরো জানান, প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর দুদকের পক্ষ থেকে অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যাদি ও রেকর্ডপত্র সংগ্রহ করে। প্রাথমিকভাবে রেকর্ডপত্র পর্যালোচনা ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণক্রমে উক্ত অভিযোগের সত্যতা বিদ্যমান মর্মে প্রতীয়মান হয়। রেকর্ডপত্রের বিস্তারিত পর্যালোচনা শেষে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
আ. দৈ./কাশেম




















