জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য ট্যাব, ছাত্রীদের ‘পিংকি সাইকেল
নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে উৎসাহ দিতে একটি করে ট্যাব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে সাইকেল দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
ড. মিলন বলেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনা করেছেন। পাশাপাশি তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে ট্যাব উপহার দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
শিক্ষায় বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রয়েছে। প্রধানমন্ত্রী তা ৫ শতাংশে উন্নীত করতে চান।
শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষার্থীর পেছনে সরকারের প্রায় ১০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হয়। তাই শুধু অবকাঠামো নির্মাণ নয়, এই বিনিয়োগের সুফল নিশ্চিত করাও জরুরি। শিক্ষার্থীরা পরবর্তীতে কোথায় চাকরি করছেন বা কর্মজীবনে কী অবস্থানে রয়েছেন, তা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সংরক্ষণের প্রয়োজন রয়েছে।
মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে দেশের প্রায় ১৯ হাজার স্কুলে সাইকেল দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
শিক্ষক নিয়োগের জটিলতা প্রসঙ্গে ড. মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষক নিয়োগ জটিলতায় আটকে আছে। এসব সমস্যা দ্রুত সমাধান করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কাজ চলছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার আগে এর প্রয়োজনীয়তা ও বাস্তব চাহিদা যাচাইয়ের ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। বিভাগ চালুর ক্ষেত্রে কর্মসংস্থান, ল্যাব সুবিধা এবং দেশে সংশ্লিষ্ট বিশেষায়িত প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধাও বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি।
আ.দৈ/আরএস




















