রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আকাশসীমা লঙ্ঘন করে বাংলাদেশে ৫ ড্রোন উড়ালো বিএসএফ, আতঙ্কে সাধারণ মানুষ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৬:০৪ পিএম   (ভিজিট : ১৭৮)
X

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্ত এলাকায় বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে একসঙ্গে ৫টি ড্রোন উড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত এ ড্রোনগুলো ভারতের কাকদোড়িপাড়া বিএসএফ ক্যাম্প থেকে উড়ানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ড্রোনগুলো বাংলাদেশ সীমান্ত পেরিয়ে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের আকাশে টহল দেয়। এমনকি বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের ওপর দিয়েও ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়। 

রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া বলেন, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই ৪-৫টি ড্রোন আমাদের আকাশে দেখা যায়। ড্রোনগুলো বড়াইবাড়ী ও বারবান্দা গ্রামের ওপর দিয়ে ঘোরাঘুরি করে। 

তিনি আরও বলেন, গত ২৭ মে ১৪ জন ভারতীয় নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পুশইনের পর থেকে বিএসএফ বিভিন্নভাবে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে। একের পর এক ড্রোন উড়ানোয় সীমান্ত এলাকার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এর আগে ২৭ মে সকালে পুশইনের ঘটনার পর একই সীমান্তে বিএসএফ ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ করে। সেদিন রাত পৌনে ১১টার দিকে সাহেবের আলগা বিওপি এলাকায় আরও তিনটি ড্রোন উড়ানো হয়। এরপর তিনদিনের মাথায় একসঙ্গে পাঁচটি ড্রোন উড়িয়ে সীমান্তে নজরদারি চালায় বিএসএফ। 

বিষয়টি জানতে বিজিবির বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়াকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ঘটনাটি আমরা নিশ্চিত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করছি এবং জানতে চাচ্ছি তারা কেন এমনটি করেছে। এটা অবশ্যই সীমান্ত আইনবিরোধী কাজ। আমরা এর ব্যাখ্যা চাইছি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝