রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৪:১৮ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৫ ৪:২৭ পিএম  (ভিজিট : ২৬৭)
X

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন বাটাগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রনজু (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় টঙ্গীর বাটাগেট ফ্লাইওভারের ওপর এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রনজুর বাড়ি পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকায়। তিনি টঙ্গীর সাতাইশ গাজীপুরা এলাকার নাজমা সিকদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় রনজু ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বাটাগেট ফ্লাইওভারে পৌঁছালে কয়েকজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার গতিরোধ করে। ছিনতাইয়ের সময় রনজু বাধা দিলে তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বলেন, “প্রায়ই এই ফ্লাইওভারের আশপাশে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশি টহল খুব কম, রাত হলে জায়গাটা পুরোপুরি ছিনতাইকারীদের দখলে চলে যায়।”

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রনজুর নিকটতম আত্মীয়  শরিফুল ইসলাম বলেন, “ভাই আমার কাজ শেষে বাসায় ফিরছিল। ওর মতো একজন নিরীহ মানুষকে এভাবে হত্যা করলো, আমরা এর বিচার চাই। ছিনতাইকারীরা একের পর এক ঘটনা ঘটাচ্ছে, অথচ প্রশাসন নিরব।”

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ছিনতাইকারীদের ধরতে অভিযান চলমান।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ফ্লাইওভার এলাকায় পুলিশের স্থায়ী টহল এবং পর্যাপ্ত আলোকসজ্জার দাবি জানিয়েছেন।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝