রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রওশন এরশাদের পৈতৃক বাড়ি ‘সুন্দর মহলে’ হামলা-ভাঙচুর
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৮৪)
X

ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল কর্মী। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে এই ঘটনা ঘটে। তারা নির্মাণাধীন স্থাপনা ও পুরোনো বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ওই বাড়িটিকে ‘দালাল মহল’ বলে ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর সম্প্রতি রওশন এরশাদের পরিবারের কাছ থেকে ‘কুটুম বাড়ি’ নামে একটি রেস্তোরাঁ ১২ বছরের জন্য মাসিক এক লাখ টাকায় ভাড়া নিয়ে নির্মাণকাজ শুরু করে। তবে আন্দোলনকারীরা দাবি করেন, সেখানে বাণিজ্যিক স্থাপনা নয়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ নির্মাণ করতে হবে।

২৩ এপ্রিল আন্দোলনকারীরা মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। তবে দাবির বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে তাঁরা সেখানে হামলা চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদের নেতৃত্বে নির্মাণাধীন স্থাপনার দেয়াল ও পুরোনো কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

ওয়ালিদ আহমেদ বলেন, “রওশন এরশাদ শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছেন। তাই এই বাড়িকে ‘ফ্যাসিবাদের আস্তানা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে বাণিজ্যিক ভবন তৈরি হতে দেওয়া হবে না।”

অন্যদিকে, রেস্তোরাঁর মালিক বজলুর রহমানের শ্যালক আহসানুল করীম জানান, হামলাকারীরা নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রী দিয়ে ভাঙচুর চালায় ও তা লুট করে। জাতীয় পার্টির মহানগর শাখার সাবেক যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল সেলিম বলেন, বাড়িটিতে রওশন এরশাদের মায়ের কবর রয়েছে, যা অনেকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে।

এ ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, আন্দোলনকারীরা দালাল মহল বলে ভাঙচুর চালিয়েছে। জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “বাড়িটি নিয়ে ছাত্রদের ক্ষোভ আছে। বাণিজ্যিক স্থাপনা না করাই শ্রেয়। স্মারকলিপির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।”

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝