রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২৫০)
X

নাটোরের লালপুর থানায় গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা ভবন থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাগাতিপাড়া থানার একটি মামলার আসামি হিসেবে রুবেল উদ্দিনকে গতকাল বিকেলে গ্রেপ্তার করে লালপুর থানায় রাখা হয়। খবর পেয়ে তার পরিবারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী থানা ভবনে ঢুকে স্লোগান ও হট্টগোল শুরু করে। একপর্যায়ে তারা জোরপূর্বক রুবেল উদ্দিনকে থানার ভেতর থেকেই ছিনিয়ে নেয়।

এই ঘটনায় রাতেই বাগাতিপাড়া থানার উপপরিদর্শক মানিক কুমার চৌধুরী বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ মোট ১৫৮ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ১০০ থেকে ১২০ জন অজ্ঞাতনামা।

ছিনতাইয়ের পরপরই সেনা ও র‍্যাব সদস্যরা থানায় উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যৌথ বাহিনীর অভিযানে রুবেল উদ্দিনের দুই বোন রুপা খাতুন (২৫), ফারজানা ইয়াসমিন (২০) এবং কদিমচিলান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা (৩১)–কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ (বুধবার) বিকেলে অভিযুক্ত রুবেল উদ্দিনকেও পুনরায় আটক করা হয়েছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে লালপুর থানার ওসি নাজমুল হক, একজন উপপরিদর্শক ও দুইজন কনস্টেবলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। নাটোরের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝