রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি চুরির অভিযোগ: ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা, আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৫:৫৪ পিএম  আপডেট: ২৯.০১.২০২৫ ৬:২১ পিএম  (ভিজিট : ১৬২)
ইজিবাইক চালক আবুল কালাম। ছবি: সংগৃহীত
X

ইজিবাইক চালক আবুল কালাম। ছবি: সংগৃহীত

কক্সবাজার সদরের খুরুশকূলে গাড়ি চুরির অভিযোগে ব্যাটারিচালিত এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের আল্লাঅলা হ্যাচারির পাশে একটি নালা থেকে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আবুল কালাম (৩৫) সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকির পাড়ার মৃত আমানুল হকের ছেলে।

এ ঘটনায় আটক জাফর উল্লাহ (৩৮) কক্সবাজার শহরের টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাসকারী মোস্তাফিজুর রহমান। তার আদি বাড়ি নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর এলাকায়। তিনি নিহতের ভাড়ায় চালানো ইজিবাইকের মালিক।

নিহতের জেঠাতো ভাই মোহাম্মদ করিম বলেন, তার চাচাতো ভাই আবুল কালাম কক্সবাজার শহর ও খুরুশকূল এলাকায় ভাড়ায় ইজিবাইক চালাতেন। প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হতেন এবং গাড়ি চালানো শেষে রাত ১০ টার মধ্যে ফিরতেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে গাড়ি চালানোর জন্য বের হয়েছিলেন। কিন্তু রাত ১০ টার পরও বাড়ি না ফেরেননি। এতে উদ্বিগ্ন স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ বুধবার সকালে খুরুশকূলের আল্লাঅলা হ্যাচারির পাশের একটি নালায় আবুল কালামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের অবহিত করে। পরে ঘটনাটি থানায় অবহিত করেন স্বজনরা।’

নিহতের এ স্বজন অভিযোগ করেন, ‘কয়েকদিন আগে কক্সবাজার শহরের টেকপাড়ায় জনৈক ছুরত আলমের মালিকাধীন গ্যারেজ থেকে একটি ইজিবাইক চুরির ঘটনা ঘটে। গাড়িটির মালিক ছিলেন জনৈক জাফর উল্লাহ নামের এক ব্যক্তি। আর গাড়িটির চুরির ঘটনায় আবুল কালাম জড়িত বলে অভিযোগ তোলা হয়।’

এ ঘটনায় খোঁজ নিতে দুদিন আগে গ্যারেজ ও গাড়ির মালিকসহ ৪/৫ জন আবুল কালামের বাড়িতে গিয়েছিল এবং চলে আসার সময় দেখে নেয়ার হুমকিও দেয়া হয় বলে অভিযোগে জানান মোহাম্মদ করিম।

তিনি দাবি করেন, ঘাতকরা আবুল কালামকে গাড়ির গ্যারেজে পিটিয়ে হত্যার পর মরদেহটি খুরুশকূলের আল্লাঅলা হ্যাচারির পাশের একটি নালায় ফেলে রেখেছে। কয়েকদিন ভুক্তভোগীর বাড়িতে গিয়ে হুমকি এবং শরীরের আঘাতের চিহ্ন দেখে তা পরিষ্কার কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ওসি ইলিয়াছ খান বলেন, ‘সকালে খুরুশকূলের আল্লাঅলা হ্যাচারির পাশের একটি নালায় জনৈক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার হাত ও পায়ের কয়েকটি নখ উপড়ে ফেলা হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর নিশ্চিত হওয়া যাবে।’

ওসি বলেন, ‘সকালে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ইজিবাইক মালিক জাফর উল্লাহকে পুলিশ আটক করেছে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

গাড়ি চুরির অভিযোগে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণার কথা জানিয়ে ইলিয়াছ খান বলেন, কারা কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

আ. দৈ/ এএস


 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝