রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী চিনিকলে হামলা, নগদ অর্থ লুটের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৭:৩৯ পিএম  আপডেট: ২৭.০১.২০২৫ ৭:৪৫ পিএম  (ভিজিট : ১৫৯)
রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তাণ্ডব।
X

রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তাণ্ডব।

রেশনের চিনি নেওয়াকে কেন্দ্র করে রাজশাহী চিনিকলের প্রশাসনিক ভবনে তাণ্ডব চালিয়ে নগদ অর্থ লুট করেছে দুর্বৃত্তরা। এমন দাবি চিনিকল কর্তৃপক্ষের। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

চিনিকল কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা আটটি কক্ষের আসবাবপত্রসহ কম্পিউটার ভাঙচুর করেছে। তাদের মারধরে আহত হয়েছেন দুজন।

চিনিকলের রেশন করণিক শাহীনুর রহমান জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে চিনিকলের মৌসুমি কর্মচারী ট্রাক্টরচালক রফিকুল ইসলাম রেশনের এক মণ চিনি নিতে আসেন। এ সময় তাঁর কাছে চিনির দাম ছাড়াও বস্তার দাম বাবদ ২০ টাকা চাইলে তিনি তর্ক শুরু করেন। এরপর তিনি ফোন করে তাঁর নিজ এলাকা শ্যামপুরের লোকজনকে ডাকেন। কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জন চিনিকলে পৌঁছে রেশন বিভাগে হামলা করে। এ সময় রেশন করণিক শাহীনুর ও ওজনদার মারুফুল ইসলাম দুলালকে তারা মারধর করে। এরমধ্যে দুলালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে রফিকুল ইসলামের অভিযোগ, এক বস্তা (৫০ কেজি) চিনির দাম ছয় হাজার ২০০ টাকা। কিন্তু তিনি চিনি নিতে গেলে সাড়ে ছয় হাজার টাকা চাওয়া হয়। তিনি এর প্রতিবাদ করলে রেশন বিতরণের দায়িত্বে থাকা করণিক শাহীনুর রহমান ও ওজনদার মারুফুল ইসলাম দুলাল বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর চোখের নিচে জখম হয়। মার খেয়ে তিনি চিনিকল থেকে বের হয়ে বাসায় চলে যান। এ সময় তাঁকে রক্তাক্ত দেখে ‘এলাকার ছেলেরা’ চিনিকলে হামলা চালায়।

রফিকুল দাবি করেন, তিনি নিজে ওই হামলায় জড়িত নন। আহত হওয়ায় চিকিৎসার জন্য তিনি রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

চিনিকল কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা চিনি বিক্রির ৯৪ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। তারা প্রশাসনিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার আটটি কক্ষের বিভিন্ন আসবাবপত্রসহ সাতটি কম্পিউটার ও প্রিন্টার ভাঙচুর করেছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর বলেন, ‘হামলাকারীরা তিনতলা প্রশাসনিক ভবনের প্রতিটি ফ্লোরেই কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ ভাঙচুর করেছে। চেয়ার, টেবিল ও টেবিলের কাঁচ ভাঙা হয়েছে। সাতটি কম্পিউটার ও প্রিন্টার ভেঙে ফেলা হয়েছে। চিনি বিক্রির কিছু টাকাও লুট হয়েছে। এ ব্যাপারে আমরা দ্রুতই থানায় অভিযোগ করব।’

কাঁটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘আমরা এখনও লিখিত অভিযোগ পাইনি। হামলার খবর শুনে আমরা প্রাথমিক তদন্ত করেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

আ. দৈ/ আফরোজা






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝