পটুয়াখালীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি

ছবি: সংগৃহীত
পটুয়াখালীতে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
রোববার সকালে শহরের সরকারি মহিলা কলেজের হোস্টেল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ। মৃত শিক্ষার্থী রিয়া মনি আক্তার মিলা দশমিনা উপজেলার মনিরুল ইসলাম ও পারভিন বেগম দম্পতির মেয়ে এবং কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী।
মিলার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোদ্দাচ্ছির বিল্লাহ জানান, রিয়া ওই হোস্টেলের ২০০১ নম্বর কক্ষে থাকত। সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। নাস্তা করতে যাওয়ার ফাঁকে রিয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। রুমমেটরা ফিরে এসে জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে দরজা ভেঙে উদ্ধার করে।
ওসি ইমতিয়াজ বলেন, "এ ঘটনায় নাহিয়ান নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি নিজেকে মৃত শিক্ষার্থীর স্বামী দাবি করছেন।"
আ. দৈ./ সাধ




















