রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আমাদের একটা লাশ পড়লে ওপারের দুইটা লাশ ফেলতে হবে: নুর
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:৩৭ পিএম   (ভিজিট : ১৬২)
X

আমাদের দেশের একটা লাশ পড়লে ওপারের দুইটা লাশ ফেলতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রংপুরের গঙ্গাচড়ায় মাল্টিপারপাস হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ এক ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না। আজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন সীমান্তে তারা কাটাতাঁরের বেড়া দিয়ে জমি দখলের পাঁয়তারা করছে। কারণ শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদের সুযোগ করে দিয়েছিল। কিন্তু আমাদের পরিষ্কার বার্তা, আমরা বেঁচে থাকতে সেই সুযোগ তারা পাবে না। 

তিনি আরও বলেন, ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই, শেখ হাসিনার সরকারের পতনের পর আপনারা যে খেলা শুরু করেছেন, সেটা বন্ধ করুন। অন্যথায় আপনাদের জন্য সেটা শুভ হবে না। সরকারকে অনুরোধ জানাবো, সীমান্তবর্তী মানুষকে সামরিক প্রশিক্ষণ দিন। প্রয়োজনে তারা বিজিবির সঙ্গে কাজ করবে। আমাদের একটি লাশ পড়লে ওপারের দুইটি লাশ ফেলতে হবে। 

নুরুল হক নুর সরকারের অর্থনৈতিক নীতিমালা এবং কর বাড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার শতাধিক পণ্যে কর এবং শুল্ক বাড়িয়েছে। টিস্যু, ওষুধ, রেস্টুরেন্ট এমনকি মোবাইল ফোনের কথোপকথনেও ভ্যাট-ট্যাক্স বাড়ানো হয়েছে। এই গণবিরোধী সিদ্ধান্ত মানুষের ভোগান্তি বাড়াবে।

আওয়ামী লীগের বর্তমান অবস্থা সম্পর্কে নুর বলেন, আওয়ামী লীগ এখন একটি মরা লাশ। তাকে টানাটানি করে সান্ত্বনা ছাড়া আর কিছুই মিলবে না। কোনোভাবেই এই আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেয়া যাবে না। তারা আবার ক্ষমতায় এলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে। 

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগবিরোধী দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, তাতে ফাটল ধরেছে। দলগুলোর মধ্যে যত ফাটল ধরবে, ফ্যাসিবাদ তত দ্রুত ফিরে আসার সুযোগ পাবে। 

জাতীয় ও স্থানীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয়, তবে মানুষের মাঝে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে এবং রাজনৈতিক সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে। কিন্তু জাতীয় নির্বাচন আগে হলে, নির্বাচিত দল এককভাবে সরকার গঠন করলে তারা স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে। 

মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান রংপুর-১ আসনে আগামী নির্বাচনের জন্য হানিফ খান সজিবকে প্রার্থী ঘোষণা করেন।
সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন, কার্যকরী সদস্য হাজী মো. কামাল হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক প্রমুখ।

আ. দৈ./আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝