রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা
শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা
আমিনুল ইসলাম জুয়েল, রংপুর
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৯ পিএম  আপডেট: ০৯.১২.২০২৪ ৬:০৮ পিএম  (ভিজিট : ২১০)
X

পরীক্ষার ফি না দেওয়ায় শিক্ষকের অপমান ও অশোভন আচরণ সইতে না পেরে রংপুরের পীরগাছার দেউতি স্কুল অ্যাণ্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। 

এদিকে গতকাল সোমবার নির্ধারিত সময়ে বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হলেও শিক্ষকদের দেখা মেলেনি। অনিবার্য কারণে পরীক্ষা বন্ধ রাখার অজুহাত দেখিয়ে চলমান বার্ষিক পরীক্ষা নেওয়া হয়নি। ফলে পরীক্ষা না হওয়ায় প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে বাড়ি ফিরতে হয়েছে শিক্ষার্থীদের। 

এর আগে গত রবিবার ওই প্রতিষ্ঠানে পরীক্ষার ফি দিতে না পারায় হল থেকে বের করে দেওয়ায় মাহফুজুর রহমান নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় রবিবার রাতে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে অফিস সহকারী আমির আলী ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর সোমবার সামাজিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের অনুপস্থিতিতে সম্ভব হয়নি। 

নিহত মাহফুজুর রহমান উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জরখাঁ গ্রামের হতদরিদ্র হাফিজুর রহমানের ছেলে। সে উপজেলার দেউতি স্কুল অ্যাণ্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহত মাহফুজুর রহমানের মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহতের স্বজন ও এলাকাবাসী  সূত্রে জানা যায়, ওই স্কুলের চলমান বার্ষিক পরীক্ষায় মাহফুজুর রহমান পরীক্ষার ফি ছাড়ায় পাঁচটি বিষয়ের পরীক্ষা অংশ গ্রহণ করেন। গত রবিবার সকালে অষ্টম শ্রেণির গণিত বিষয়ের পরীক্ষায় ফি ছাড়াই অংশ গ্রহণ করতে যায়। যথা নিয়মে মাহফুজুর রহমান সকাল ১০টায় সহপাঠিদের সঙ্গে পরীক্ষায় অংশ নেন। 

এসময় পরীক্ষার ফি না দেওয়ার অভিযোগে মাহফুজুর রহমানকে পরীক্ষা চলাকালীন অবস্থায় শ্রেণি কক্ষ থেকে বের করে দেওয়া হয়। পরে অফিস সহকারী আমীর হোসেন প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যান মাহফুজুর রহমানকে। সেখানে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম  ও আব্দুল হান্নান পরীক্ষার ফি না দেওয়াসহ অষ্টম শ্রেণির নিবন্ধন না করায় মাহফুজুর রহমানকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন । 

এ অপমান সইতে না পেয়ে কোমলমতি ওই শিক্ষার্থী ওই দিন নিজ বাড়িতে এসে শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি টের পেয়ে তার মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে রাতে মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা হাফিজুর রহমান।

এ বিষয়ে জানতে দেউতি স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান সাজুর মুঠোফোনে একাদিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

পীরগাছা থানার ওসি (তদন্ত) তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচণার অভিযোগে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও আমির আলীর বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা হাফিজুর রহমান।

আ. দৈ/ আফরোজা 



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝