রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩ দিন পর উদ্ধার’
অসুস্থ বাবাকে বনে ফেলে গেছেন মেয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৫ পিএম   (ভিজিট : ২২৩)
X

গজারি বন থেকে উদ্ধার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বৃদ্ধ সাকিব আলী সরদারের পাশে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম। ছবি : জাগতিক 


গাজীপুরে ষাটোর্ধ্ব অসুস্থ বাবাকে গজারি বনে ফেলে গেছেন মেয়ে ও জামাতা। তিন দিন পর গত মঙ্গলবার (৪ ডিসেম্বর) তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন এক পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গত ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তিন দিন হোতাপাড়া এলাকায় বিমান বাহিনীর ঘাঁটির পাশের গজারি বনে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। তিনি এখন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, ষাটোর্ধ্ব অসুস্থ বাবা সাকিব আলী সরদারকে দিতে এসেছিলেন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। অসুস্থতার কারণে তাঁকে ওই পুনর্বাসন কেন্দ্রে রাখতে অনীহা প্রকাশ করে কর্তৃপক্ষ। এরপর বাড়ি ফিরে যাওয়ার সময় হোতাপাড়া এলাকার বিমান বাহিনীর ঘাঁটির উত্তর পাশের গজারি বনে ওই বৃদ্ধকে ফেলে চলে যান তাঁর বড় মেয়ে ও জামাতা।

বৃদ্ধ সাকিব আলী সরদার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় চালক (ড্রাইভার) ছিলেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি রাজধানীর বাড্ডা এলাকায় তাঁর বড় মেয়ের বাসায় বসবাস করতেন।

জয়দেবপুর থানার ওসি বলেন, বৃদ্ধ সাকিব আলী সরদারের কাছ থেকে সব সম্পত্তি তাঁর এক ছেলে কৌশলে লিখে নেন। এরপর থেকে তাঁর ভরণপোষণ দেয়নি পাষণ্ড ছেলে। শেষে সাকিব আলী রাজধানীর বাড্ডা এলাকায় বড় মেয়ের কাছে এসে আশ্রয় নেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে মেয়ে ও মেয়ের জামাই বৃদ্ধের আরেক মেয়ে ও ছেলের সঙ্গে পরামর্শ করে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেন। গত ২ ডিসেম্বর তাঁকে ওই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসেন তাঁরা। কিন্তু অসুস্থ থাকায় (প্রস্রাবের রাস্তায় নল লাগানো) বৃদ্ধকে রাখতে অপারগতা জানায় কর্তৃপক্ষ। 

এরপর বিমান বাহিনীর ঘাঁটির উত্তর পাশের গজারি বনে বৃদ্ধকে ফেলে রেখে যান তারা। এ অবস্থায় সেখানে তিন দিন পড়ে থাকায় আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। তিন দিন পর স্থানীয়দের মাধ্যমে জঙ্গলে বৃদ্ধকে পড়ে থাকার খবর পেয়ে তিনি (ওসি) উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। জনবল এবং ফান্ড (বাজেট) না থাকায় তাদের পক্ষে এ বিষয়ে কোনো কিছু করার নেই বলে জানিয়ে দেন ওসিকে। পরে তিনি নিজে হিয়ে পরিচ্ছন্নকর্মীদের নিয়ে বৃদ্ধকে গজারি বন থেকে উদ্ধার করেন।

ওসি বলেন, বৃদ্ধকে গোসল করিয়ে ৪ ডিসেম্বর রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসারকে জানানো হয়েছে। বৃদ্ধ সাকিব আলী বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সার্বক্ষণিক তাঁর খোঁজ খবর নেয়া হচ্ছে এবং ফলমূলসহ খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর তাঁকে (বৃদ্ধ) বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হবে।

আ. দৈ/ আফরোজা 




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝