মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের মাহির
বিনোদন ডেস্ক

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার মূল পর্ব থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হওয়া প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিতে পারেননি তিনি। ফলে সেরা ৩০-এর তালিকায়ও নাম নেই বাংলাদেশের এই প্রতিযোগীর।
এবারের আসরে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশ নিয়েছেন। সেরা ৩০-এর তালিকায় জায়গা না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মাহি।
তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিনিধিত্ব করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন। সমর্থকেরা যেভাবে দিনরাত তার পাশে ছিলেন, তা কখনো ভুলবেন না। তবে প্রত্যাশা পূরণ করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
মাহির ভাষ্য, সব চেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনে না, কিন্তু সেই চেষ্টার মূল্য কমে যায় না। প্রতিযোগিতার অভিজ্ঞতা ও দর্শকদের ভালোবাসাকেই নিজের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি। বার্তার শেষে বাংলাদেশকে নিজের পরিচয় ও গর্ব উল্লেখ করে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে, পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন সেরা ৩০ প্রতিযোগী।
মিস ইউনিভার্স ২০২৬-এর সেরা ৩০ প্রতিযোগী:
নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়া।
আ.দৈ/আরএস




















