ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ হয়ে দর্শকদের মধ্যমা দেখিয়ে মঞ্চ ছাড়লেন পরীমনি
বিনোদন ডেস্ক

দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পরীমনি। এ সময়ে মুক্তি পায়নি তাঁর অভিনীত কোনো সিনেমা। তবে চলচ্চিত্রের বাইরে ব্যক্তিগত জীবন ও বিভিন্ন বিতর্কিত ঘটনায় প্রায়ই আলোচনায় আসছেন তিনি।
এবার রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন পরীমনি। দর্শকদের একাংশের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ হয়ে তাঁদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এই অভিনেত্রী।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকে পরীমনির এমন আচরণের সমালোচনা করছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পরীমনি পুরো আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন।
এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
একপর্যায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। অন্যদিকে, ওই সাংবাদিককে হেনস্তা এবং তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তাঁর নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), এমআরইউ, ডিআরএফ ও ইয়ুথ জার্নালসহ কয়েকটি সাংবাদিক সংগঠন নিন্দা জানায় এবং তাঁকে বয়কটের ঘোষণা দেয়।
সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়িয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই চিত্রনায়িকা।
আ.দৈ/আরএস




















