আ'লীগ সরকারের প্রতিমন্ত্রী খালিদের এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতার ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) আনম আহমাদুল বাশারের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে উল্লেখ করা হয়, ১১টি ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট ২ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ২৯০ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে জমা হয়েছে ১ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা এবং উত্তোলন করা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৭৮ হাজার ৪০ টাকা। বর্তমানে এসব হিসাবে মোট ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা রয়েছে বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, আনম আহমাদুল বাশার সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে একজন সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও নিজের দখলে রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী জারি করা হয়েছে। অভিযোগের অনুসন্ধান ও যাচাইয়ের জন্য দুদকের একজন কর্মকর্তাকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আহমাদুল বাশার তার নামে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন। এসব সম্পদ হস্তান্তর করতে পারলে অনুসন্ধানের উদ্দেশ্য ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
দুদকের আবেদনে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে থাকা ১১টি হিসাবের তথ্য তুলে ধরা হয়। এসব হিসাবের মধ্যে সঞ্চয়ী, ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট হিসাব রয়েছে। হিসাবগুলো ২০২৬ সালের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে খোলা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, একটি সঞ্চয়ী হিসাবে ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৪১৫ টাকা জমা এবং ১ কোটি ২৫ লাখ ৫ হাজার ২০৫ টাকা উত্তোলন করা হয়েছে। হিসাবটিতে ওই সময়ের শেষে স্থিতি ছিল ১ লাখ ৮ হাজার ২০৯ টাকা।
এ ছাড়া অন্য হিসাবগুলোতে বিভিন্ন সময়ে জমা ও উত্তোলনের তথ্য এবং নির্দিষ্ট অঙ্কের স্থিতির উল্লেখ রয়েছে। সব মিলিয়ে ১১টি ব্যাংক হিসাবে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা রয়েছে বলে আবেদনে জানানো হয়।
দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবু তালহা আদালতে আবেদনটি করেন। এতে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর সংশোধিত বিধিমালা ২০১৯-এর বিধি ১৮ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারার বিধান অনুযায়ী ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।
আ. দৈ./ একে




















