রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী, বেসিক ও বিডিবিএল এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে অগ্রণী ব্যাংকে এমডি হিসেবে মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. কামরুজ্জামান খান এতদিনে দায়িত্ব পালন করে আসছিলেন।
উপ-সচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান খানের সঙ্গে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকার সুপারিশ ও সম্মতি জানিয়েছে।
এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্ত অনুযায়ী আনোয়ারুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এ বিষয়ে পরবর্তী বিধিসম্মত কার্যক্রম গ্রহণ করতে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের পর চুক্তিপত্র ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের নিয়োগ বাতিলের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করবে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ।
আ.দৈ./ একে




















