বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠানই লোকসানে ধুঁকছে: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৫:৩৩ পিএম  (ভিজিট : ১)
X

শিল্পমন্ত্রী ও বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির উদ্বেগ প্রকাশ করে বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। জাতীয় সংসদে দেওয়া তথ্যানুযায়ী, মোট ৫৫টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে লাভজনক অবস্থায় রয়েছে মাত্র ৫টি প্রতিষ্ঠান। অন্যদিকে, অধিকাংশ প্রতিষ্ঠানই লোকসানে ধুঁকছে কিংবা পুরোপুরি বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের দেওয়া তথ্য থেকে এমন চিত্র উঠে এসেছে। যশোর-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোক্তার আলীর এই সংক্রান্ত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এমন তথ্য দেন।

সংসদে দেওয়া তথ্যে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ও উৎপাদন পরিস্থিতির পাশাপাশি বন্ধ কারখানা চালু করা এবং অব্যবহৃত জমিতে নতুন শিল্প স্থাপনের পরিকল্পনার বিষয়টিও উঠে এসেছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, বন্ধ ও অব্যবহৃত শিল্পকারখানার জমি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবহার করে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত জমিতে যৌথ বিনিয়োগের মাধ্যমে সমজাতীয় পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে উৎপাদিত পণ্য সরকারি দপ্তর ও সংস্থার মাধ্যমে ডিপিএম পদ্ধতিতে কেনার ব্যবস্থা, ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটার বাজারজাতকরণ এবং বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগে যৌথ উদ্যোগে কারখানা পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ন্যাশনাল টিউবস লিমিটেডে ৬০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং ইস্টার্ন কেবলস লিমিটেডে এক্সএলপিই কেবল উৎপাদনের নতুন লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীন লোকসানি ও বন্ধ প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়াতে আর্থিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ, নিয়মিত বাজেট প্রণয়ন, অভ্যন্তরীণ ও বহিঃনিরীক্ষা এবং ই-জিপির মাধ্যমে ক্রয় কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া চিনিকলগুলোর আধুনিকায়নে পর্যায়ক্রমে বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন) কর্মসূচি বাস্তবায়ন, ডিজিটাল পদ্ধতিতে আখ ক্রয়, স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এবং চিনিকলগুলোর আখ মাড়াই সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। চিনিকলভিত্তিক ডিস্টিলারি, জৈব সার ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি কাজে লাগিয়ে নতুন শিল্প স্থাপনের পরিকল্পনাও সংসদে তুলে ধরেন মন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিকেল কোম্পানি লিমিটেডের (এএফসিসিএল) অব্যবহৃত ১৯৭ একর জমিতে যৌথ উদ্যোগে প্রিমিয়াম ফ্লোট গ্লাস, সোলার গ্লাস ও সোলার প্যানেল কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে। এ প্রকল্পের প্রি-ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে।

একই প্রতিষ্ঠানের জমিতে বার্ষিক আট লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার এমওপি সার এবং ১৫ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতার কীটনাশক ও জৈব কীটনাশক কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বন্ধ উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের জায়গায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব শিল্পপ্রযুক্তিতে গ্লাস প্ল্যান্ট বা কনটেইনার গ্লাস প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের প্রি-ফিজিবিলিটি স্টাডিও সম্পন্ন হয়েছে।

এ ছাড়া টিএসপি কমপ্লেক্স লিমিটেডের অব্যবহৃত ১৫ একর জমিতে বার্ষিক চার লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার নতুন টিএসপি সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির অব্যবহৃত ১০ একর জমিতে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ কারখানা এবং পাঁচ একর জমিতে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ডব্লিউপিপি ব্যাগ কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে।

রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসান কমিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো এবং অব্যবহৃত সম্পদের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংসদকে জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝