নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিতের আহ্বান
তুরস্কে সাংবাদিক বসির ছিনতাইয়ের কবলে, র্যাকের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক

তুরস্কের ইস্তাম্বুলে বাসে ছিনতাইয়ের ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশের একটি জাতীয় ‘দৈনিক জনবানী’ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) সদস্য বসির হোসেন বাবু। তিনি বাংলাদেশ থেকে পেশাগত দায়িত্ব পালন করতে তুরস্কে গেছেন। সেখানে তিনি ছিনতাইয়ের কবলে পড়েছেন, তার অর্থ ও মূল্যবান সামগ্রী হারানোর ঘটনাটি ঘটেছে।
এদিকে ওই ঘটনায় আজ বুধবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র্যাক) ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক তাবারুল হক গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে সাংবাদিক ও বিদেশী অতিথিদের নিরাপত্তা জোরদার এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব, মানবতার ভবিষ্যৎ এবং জলবায়ু ন্যায্যতার বিষয়গুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ (COP31) কাভার করতে তুরস্কে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
সাংবাদিকের বর্ণনা অনুযায়ী, ইস্তাম্বুল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি এলাকায় বাসে ভ্রমণের সময় কৌশলে তাঁর ব্যাগ থেকে ডলার চুরি করা হয়। ঘটনার পর পরিবহনকর্মীদের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় তিনি আরও অসহায় পরিস্থিতির মুখোমুখি হন।
র্যাক মনে করে, আন্তর্জাতিক কোনো সম্মেলন বা গুরুত্বপূর্ণ সংবাদ কাভার করতে বিদেশে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদেশের মাটিতে কোনো সাংবাদিক অপরাধের শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর সহযোগিতা পাওয়া তাঁর অধিকার।
র্যাকের পক্ষ থেকে তুরস্কে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ দূতাবাসের প্রতি ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত, চুরি যাওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ এবং ভুক্তভোগী সাংবাদিককে প্রয়োজনীয় আইনি ও মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকদের নিরাপত্তা ও বিপদে দ্রুত সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছে র্যাক।
সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের মানুষের কথা তুলে ধরেন। দায়িত্ব পালন করতে গিয়ে বিদেশের মাটিতে তাঁদের এমন অনিরাপদ ও অসহায় পরিস্থিতির মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয়।
র্যাক ভুক্তভোগী সাংবাদিকের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে এবং তাঁর মানসিক দৃঢ়তা ও নিরাপদে দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানাচ্ছে।
আ.দৈ./একে




















