চকরিয়ায় সাংবাদিকের ওপর হামলা
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রমের ছবি সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিক রিদুয়ানুল হক জানান, জাপান টোব্যাকো কোম্পানির উদ্যোগে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমের ছবি তুলতে যান দৈনিক আজকের দর্পণ-এর চকরিয়া প্রতিনিধি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ও চকরিয়া প্রেসক্লাবের সদস্য রিদুয়ানুল হক। এ সময় স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল বিএনপি কর্মী তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
পরে তাঁকে ফাঁসিয়াখালী তদন্তকেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই সঙ্গে তাঁকে মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা অবিলম্বে সাংবাদিক রিদুয়ানুল হক মজিদীকে সসম্মানে মুক্তি দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে আমাদের কাছে অভিযোগ ও অনুরোধ এসেছে। আমরা পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।
আ. দৈ./কাশেম/জাকির




















