মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাইয়ের পর সংবাদ প্রকাশ করুন : কাদের গনি চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২:১৫ পিএম  আপডেট: ১৩.১০.২০২৬ ২:১৯ পিএম  (ভিজিট : ১)
X

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করতে হবে।

গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকতায় সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।  খবর বাসস।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বাসস কার্যালয়ে সংস্থার সাংবাদিকদের মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।

পিআইবির মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফের সভাপতিত্বে প্রশিক্ষণে বাসসের ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল হক, চিফ রিপোর্টার (ইংরেজি) জি এম রাজিব হোসেন, চিফ রিপোর্টার (বাংলা) মো. দিদারুল আলম এবং পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন উপস্থিত ছিলেন।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। জনগণকে সঠিক, নির্ভুল ও সময়োপযোগী তথ্য প্রদান, জনমত গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং ক্ষমতাসীন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন শক্তিশালী করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের বিকাশেও সাংবাদিকতা ভূমিকা রাখে। এ ক্ষেত্রে সাংবাদিকদের আইন, নৈতিকতা ও পেশাগত আচরণবিধি মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, সংবাদের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ব্যক্তির গোপনীয়তা ও মানবিক মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা জরুরি। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ভুল তথ্য প্রকাশিত হলে তা দ্রুত সংশোধন এবং প্রয়োজন হলে ক্ষমা প্রকাশের মানসিকতা থাকতে হবে।

সাংবাদিকদের সংবাদ প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কাদের গনি চৌধুরী বলেন, হিংসা, সহিংসতা ও ধর্মান্ধতা উসকে দিতে পারে—এমন বিষয় প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

বাসসের প্রধান সম্পাদক মোবাইল সাংবাদিকতাকে ‘ওয়ান ম্যান আর্মি’ উল্লেখ করে বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও প্রচারের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। স্মার্টফোন বা ট্যাবলেট পিসির মতো ইলেকট্রনিক্স  প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সংবাদ তৈরি ও পরিবেশন করা সম্ভব হচ্ছে। একজন মোবাইল সাংবাদিক একই ডিভাইস ব্যবহার করে ছবি তোলা, ভিডিও ধারণ, ভয়েস রেকর্ডিং, সম্পাদনা এবং সংবাদ উপযোগী কনটেন্ট তৈরি ও প্রচার করতে পারেন।

পিআইবির মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ বলেন, সংবাদ তৈরির ক্ষেত্রে শুধু ঘটনার উপরিভাগ তুলে ধরলেই হবে না, ঘটনার ভেতরের মানবিক দিকটিও খুঁজে বের করতে হবে। একটি ঘটনার প্রাণ কোথায়, মানুষের অনুভূতি ও অভিজ্ঞতা কী—সাংবাদিককে তা বোঝার চেষ্টা করতে হবে। সংবাদ তৈরির সঙ্গে সাংবাদিকের বিবেক ও দায়িত্ববোধেরও সম্পর্ক থাকতে হবে। 

ফারুক ওয়াসিফ আরো বলেন, বর্তমান সময়ে তথ্যযুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোনো ব্যক্তি জেনে বা না জেনে এমন তথ্য প্রচার করতে পারেন, যা দেশের স্বার্থ, সমাজ ও গণতন্ত্রের ক্ষতি করতে পারে। তাই তথ্য যাচাই, অপতথ্য ও গুজব শনাক্তকরণ এবং গণমাধ্যম সম্পর্কে সচেতনতা সবার জন্য জরুরি। উল্লেখ্য, এ প্রশিক্ষণে বাসসের ৩৭ জন সাংবাদিক অংশ নেন।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝