বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সাংবাদিক কর্মশালায় বক্তারা
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান
স্বাস্থ্য বাজেটের বরাদ্দ বাড়িয়ে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের তাগিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ০)
X

বাংলাদেশে উচ্চ রক্তচাপজনিত অসুস্থতা ও অকালমৃত্যুর ঝুঁকি উদ্বেগজনক হারে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমে পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীরা। তাঁরা বলেছেন, স্বাস্থ্য খাতে বর্ধিত বাজেটের উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হলে অকালমৃত্যুর ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, ২০২৪ সালে বাংলাদেশে হৃদরোগে প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। দেশে প্রতিবছর প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জন বিভিন্ন অসংক্রামক রোগে মারা যান, যা মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ। এসব মৃত্যুর ১৯ শতাংশই অকালমৃত্যু।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। অথচ বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, দেশের স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হয়।

বক্তারা বলেন, অপর্যাপ্ত অর্থায়নের কারণে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নারগুলোতে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধের নিয়মিত সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে প্রান্তিক পর্যায়ের রোগীদের চিকিৎসাসেবা ও ওষুধপ্রাপ্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায় ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং কার্যকর অর্থায়ন পরিকল্পনা গ্রহণ জরুরি।

কর্মশালায় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, “চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৪ শতাংশ করা হয়েছে, যা প্রশংসনীয়। এখন এই বর্ধিত বরাদ্দের একটি অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিনিয়োগ করা জরুরি।”

চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রচারণা অব্যাহত রাখতে হবে।”

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম ও বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)-এর কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।স এ ছাড়া কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।

বক্তারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি গণমাধ্যম, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন, ওষুধের নিয়মিত সরবরাহ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশে উচ্চ রক্তচাপজনিত অসুস্থতা ও অকালমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।


আ.দৈ/এসআর





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝