মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ৭:০৬ পিএম  (ভিজিট : ১০)
X

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আকাশপথে পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদ্যমান বহরের দুটি উড়োজাহাজকে সম্পূর্ণভাবে পণ্য পরিবহনের উপযোগী কার্গো উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা করছে।

মঙ্গলবার (১০ নভেম্বর)  বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক এভিয়েশন কোম্পানি ‘হাইবারি গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কথা জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, দুটি উড়োজাহাজকে সম্পূর্ণ কার্গো অপারেশনের উপযোগী করে রূপান্তর করা হলে দেশের বিপুল পরিমাণ পণ্য পরিবহনের চাহিদা পূরণ হবে। এর ফলে বাংলাদেশের আন্তর্জাতিক কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিমানের রাজস্ব আয়ও বাড়বে।

বৈঠকে প্রোথেরো উড়োজাহাজ ইজারা এবং সেগুলোকে কার্গো উড়োজাহাজে রূপান্তরসহ বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তিনি উড়োজাহাজ সংগ্রহ, অর্থায়ন ও ইজারা (লিজ) প্রদানের ক্ষেত্রে বৈশ্বিক বিনিয়োগ এবং সম্পদ ব্যবস্থাপনায় তাঁর কোম্পানির দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

এ সময় মন্ত্রী প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন যে, হাইবারি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য কোনো বিনিয়োগ প্রস্তাব এলে সরকার তা গুরুত্বসহকারে বিবেচনা করবে। মন্ত্রী বলেন, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়ন এবং আন্তর্জাতিক এভিয়েশন শিল্পে এর অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে সরকার। বিমানকে আরও শক্তিশালী ও লাভজনক এয়ারলাইন্সে পরিণত করতে বহর সম্প্রসারণের উদ্যোগ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন উড়োজাহাজ সরবরাহের সময়সীমা বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন চাহিদা মেটাতে উড়োজাহাজ ইজারা বা লিজ নেওয়ার বিষয়টিও সরকার পর্যালোচনা করছে। তবে ইজারাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উড়োজাহাজের উড্ডয়ন সময় (ফ্লাইং আওয়ারস), রক্ষণাবেক্ষণের ইতিহাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কারিগরি ও পরিচালনগত সূচক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে।

বৈঠকে আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা, উড়োজাহাজ অর্থায়ন ও লিজিং এবং বাংলাদেশের কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে, এ ধরনের পারস্পরিক সহযোগিতা দেশের বেসামরিক বিমান চলাচল খাতের আধুনিকায়ন ও অগ্রগতির জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।



আ দৈ/ এস এন



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝