শয়তানের ধোঁকায় পড়ে ভুল করেছি’ বলা অডিওটি এআই নয়: দ্য ডিসেন্ট
নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
একাধিক অনলাইন টুলের মাধ্যমে অডিওগুলো পরীক্ষা করে তারা এমন তথ্য জানায়।
দ্য ডিসেন্ট জানায়, আমির হামজার নামে প্রচারিত অডিওগুলোর সত্যতা নিশ্চিত করতে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে আমির হামজা ও তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কথোপকথনগুলো কার সঙ্গে এবং কী প্রেক্ষাপটে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। পোস্টে তিনি জানান, ফ্যাক্টচেক করে এসব তথ্যের সত্যতা পেয়েছেন।
ছড়িয়ে পড়া অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়া ও অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। সেখানে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’
এদিকে গত ৬ নভেম্বর বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেন আমির হামজা। সেখানে নিজের সম্মানহানির অভিযোগ তুলে তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এ ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তবে ওই মাহফিলে আমির হামজা তার নামে প্রচারিত অডিওগুলোকে সরাসরি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বলেননি। তার বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে অডিও-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে দাবি করা হয়।
দ্য ডিসেন্ট জানায়, অডিওগুলো একাধিক অনলাইন টুলে পরীক্ষা করেও এআই প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে প্রযুক্তিগত পরীক্ষার এই ফল অডিওগুলোর প্রকৃত উৎস বা কথোপকথনের প্রেক্ষাপট নিশ্চিত করে না।
এদিকে আমির হামজার নামে কথিত অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনকে লক্ষ্য করে ব্যাপক নেতিবাচক প্রচারণা শুরু হয়। দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা গেছে, গত চার দিনে তাকে নিয়ে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব ভিডিওতে রাশেদ খাঁনকে বিকৃত নামে সম্বোধন, ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ, ধর্মবিরোধী আখ্যা এবং এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি ও ভুয়া অডিও প্রচার করা হয়েছে।
আ দৈ/ এস এন




















