উন্নয়নকাজে কোনো পক্ষের প্রভাব বরদাশত করা হবে না: মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীদের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে। কোনো পক্ষ যেন তাদের প্রভাবিত করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম মিলনায়তনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এলজিইডির মাঠপর্যায়ের কাজ বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন করতে হয়। তাই ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখতে হবে। কোনো পক্ষের প্রভাবে পড়ে নিজেদের দায়িত্ব ও পেশাগত সিদ্ধান্ত থেকে বিচ্যুত হওয়া যাবে না।
তিনি বলেন, প্রকৌশলীদের জনগণের জন্য কাজ করতে হবে। নিজেদের দায়িত্ব ও কাজ ভালোভাবে বুঝতে হবে। কাজে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা করা যাবে না। সংশ্লিষ্ট শর্তাবলি অনুসরণ করে উন্নয়নকাজ তদারকি করতে হবে। সংস্থার কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিয়মশৃঙ্খলা মেনে দায়িত্ব পালন করতে হবে।
উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মীর শাহে আলম বলেন, এলজিইডির অন্যতম বড় চ্যালেঞ্জ হলো কাজের গুণগত মান নিশ্চিত করা। জনগণের টাকায় অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তাই নির্মিত অবকাঠামো যেন টেকসই হয় এবং মানুষের উপকারে আসে, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যয় সাশ্রয় করে উন্নয়নকাজ পরিচালনা করতে হবে।
তিনি আরো বলেন, নবনিযুক্ত প্রকৌশলীরা কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে এলজিইডিতে যোগ দিয়েছেন। তবে শুধু চাকরিতে যোগদানই শেষ কথা নয়, দায়িত্ব যথাযথভাবে পালন এবং কাজকে অর্থবহ করে তোলাই গুরুত্বপূর্ণ।
প্রকৌশলীদের সরকারি ক্রয়সংক্রান্ত বিধিবিধান সম্পর্কে ধারণা রাখার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে কাজ করতে হলে সরকারি ক্রয়সংক্রান্ত আইন (পিপিএ) এবং এর আলোকে প্রণীত সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) বারবার পড়তে হবে। এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ও ধারণা রাখতে হবে।
এ সময় এলজিইডির চলমান উন্নয়নকাজের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বর্তমানে সারা দেশে এলজিইডির মাধ্যমে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। এ ছাড়া প্রায় ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে। আগামী তিন থেকে চার অর্থবছরে এসব প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য আসবে।
নবনিযুক্ত ১৭৬ জন সহকারী প্রকৌশলীকে অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের একাডেমিক অর্জন, উদ্যম ও কর্মশীলতা এলজিইডির কাজের গতিতে নতুন মাত্রা যোগ করবে বলে সরকার বিশ্বাস করে। তাদের যোগদানের ফলে সংস্থার শূন্য প্রকৌশলী পদের ঘাটতি কিছুটা পূরণ হবে এবং কাজের গতি বাড়বে।
আ দৈ/ এস এন




















