শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি হাইকমিশনে ই-মেইল,পাঠানো হয়েছে ঢাকায়
নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। তবে ই-মেইলটি শেখ হাসিনার অনুমোদিত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লির কূটনৈতিক একটি সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ই-মেইল পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে হাইকমিশন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও এ ধরনের ই-মেইল পাওয়ার তথ্য নিশ্চিত করেছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।
কূটনৈতিক সূত্রগুলোর দাবি, ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো অনুমোদনপত্র বা ‘অথরাইজেশন’ এতে সংযুক্ত ছিল না। সাধারণত কোনো ব্যক্তির পক্ষে আইনজীবী বা প্রতিষ্ঠান আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদনের প্রমাণপত্র থাকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী ই-মেইলের শুরুতে নিজেকে শেখ হাসিনার আইনজীবী পরিচয় দিয়ে তাঁর পক্ষে যোগাযোগের কথা উল্লেখ করেছেন। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাতে জানিয়েছিল, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর ভারতে অবস্থানরত শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আবেদন করার খবর এটিই প্রথম বলে জানিয়েছিল সংস্থাটি।
আ.দৈ/আরএস




















