বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়মকানুন সহজ করতে এবং চলতি হিসাবে বৈধ লেনদেন সুবিধাজনক করার লক্ষ্যে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশে চিকিৎসা খরচের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে চিকিৎসাবাবদ সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে, যা আগে ছিল ১৫ হাজার ডলার।
একইসঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার জন্যও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অর্থ পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুযোগ না থাকলে সেটি যাচাই সাপেক্ষে ব্যাংকগুলো এই অর্থ ছাড় করতে পারবে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়মকানুন সহজ করতে এবং চলতি হিসাবে বৈধ লেনদেন সুবিধাজনক করার লক্ষ্যে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সংশোধিত নির্দেশনা অনুযায়ী, বিদেশে চিকিৎসার খরচের জন্য এডি ব্যাংকগুলো এখন থেকে বাংলাদেশ ব্যাংকের কোনো পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। পূর্বে এই সীমা ছিল ১৫ হাজার ডলার।
শিক্ষাসংক্রান্ত কাজে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রেও নীতিমালায় শিথিলতা আনা হয়েছে। আগের নিয়মে বিদেশে স্কুল পর্যায়ের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা ছিল। নতুন নির্দেশনায় সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার সুবিধা না থাকলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সমমানের পড়াশোনার খরচও ব্যাংকগুলো সরাসরি পাঠাতে পারবে।
অন্য এক নির্দেশনায় করেসপনডেন্স কোর্সের মাধ্যমে নিয়মিত প্রাতিষ্ঠানিক পড়াশোনার বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের শর্ত তুলে নেওয়া হয়েছে। আগে কেবল সনদ ও পেশাগত কোর্সের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য ছিল।
এদিকে সাধারণ নিয়মে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও দেশে অবস্থানরত বাংলাদেশিদের বিদেশ থেকে নিয়ে আসা বৈদেশিক মুদ্রা ব্যাংক হিসাবে জমা রাখার ক্ষেত্রে শর্ত কিছুটা কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশিদের সঙ্গে করে নিয়ে আসা বৈদেশিক মুদ্রা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা করতে হলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ‘এফএমজে’ ফরমে যথাযথ ঘোষণা থাকতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত উদ্দেশ্যে ব্যক্তিপর্যায়ে বিদেশে অর্থ পাঠানোর সুবিধা বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে এসব পরিবর্তন আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন-সংক্রান্ত বিদ্যমান অন্যান্য সব বিধিবিধান ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
আ দৈ/ এস এন




















