পাসপোর্ট ছাড়াই দেশে ফিরতে পারবেন হাসিনা, পথ দেখালেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ভুল’ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর দাবি, পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা কার্যত ভারত থেকে বাংলাদেশে ফেরার পথ আরও সহজ করেছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেই মনে করছেন, দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি এখন রয়েছে।
আইনি বিষয় তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাঁকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া কোনো দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবেই ফিরতে হবে এবং এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলে তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুলের মতে, পাসপোর্ট চাওয়ার এই উদ্যোগে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে ভারতের ওপর বাংলাদেশের চাপ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তাঁর দাবি, শেখ হাসিনা দেশে ফেরার জন্য পাসপোর্ট চাওয়ায় বাংলাদেশ বলতে পারবে, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেই তিনি ফেরার উদ্যোগ নিয়েছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারের অজুহাতে তাঁকে ফেরত না দেওয়ার যুক্তি ভারতের জন্য দুর্বল হয়ে পড়বে।
পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল লেখেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’
আ.দৈ/আরএস




















