আগামী ছয় মাসে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বসবে সৌরবিদ্যুৎ প্যানেল: মাহ্দী আমিন
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্প পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাদ ও অব্যবহৃত জায়গা চিহ্নিত করে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর ‘লিডিং বাই এক্সাম্পল: স্কেলিং রুফটপ সোলার ইন পাবলিক সেক্টর’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
মাহ্দী আমিন বলেন, সক্ষমতা ও সামর্থ্য বিবেচনায় ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভবন এবং শিল্পকারখানায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে সরকার সহযোগিতা করবে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের। নিজের বাসভবনের ছাদেও তিনি সৌর প্যানেল স্থাপন করেছেন বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ লক্ষাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের ৫০টিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৩০টির অধিক বিশ্ববিদ্যালয়ে সৌরবিদ্যুৎ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান মাহ্দী আমিন। তাঁর মতে, সৌরবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সৌরবিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমানে সোলার প্যানেল প্রায় সম্পূর্ণ আমদানিনির্ভর। এ নির্ভরতা কমাতে দেশে প্যানেল উৎপাদন, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ও ভ্যালু চেইন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ খাতে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
মাহ্দী আমিন আরও বলেন, জাতীয় বাজেটে সৌরবিদ্যুৎ খাতের বিকাশ ও স্থানীয় উৎপাদন সক্ষমতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে। বেসরকারি খাতকে অর্থায়ন, পুঁজি ব্যবস্থাপনা ও নীতিগত সুবিধা দেওয়ার মাধ্যমে সৌরশক্তির ব্যবহার বাড়াতে চায় সরকার।
বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও শিল্পকারখানার ছাদ এবং অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল স্থাপনে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, সরকারের নীতিগত সহায়তার পাশাপাশি বেসরকারি খাত ও অন্যান্য অংশীজনের সম্মিলিত উদ্যোগেই জ্বালানি স্বনির্ভরতার লক্ষ্য অর্জন সম্ভব।
সেমিনারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুবুল হকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আ.দৈ/আরএস




















