বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ০)
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করেছে পুলিশ। সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে আনতে ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরে তারা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের কাঠেরপুল এলাকায় বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় যাওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কাঠেরপুল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাইক্রোফাইবার কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে দুপুর সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

গত দুই দিন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও জাল কুড়ি এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। তখন পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝