জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হলো ইকবাল সোবহান চৌধুরীকে
নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশন কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, দুপুরে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তবে কী অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, কিংবা কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি এই কর্মকর্তা।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল।
আ.দৈ/আরএস




















