২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ আজ, ঈদুল ফিতরে ৫ ও আজহায় ৬ দিন
নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। নতুন তালিকায় আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকছে।
বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে।
ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে ঈদুল আজহার আগে দুই দিন এবং পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে।
শারদীয় দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
এর আগে গত ২ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।
আ.দৈ/আরএস




















