মিরপুর বাইশটেকিতে পানির পাম্প উদ্বোধন ডিএনসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেছেন, নগরবাসীর মৌলিক সমস্যা সমাধান এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মিরপুর ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশটেকিতে পানির পাম্প উদ্বোধনকালের তিনি এই কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক জানান, পানি জীবনের অপরিহার্য অঙ্গ এবং দৈনিক জীবনযাপনের জন্য এটি অতি প্রয়োজনীয়।
তিনি বাইশটেকি পাম্প বাস্তবায়ন কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কাফরুল থানা বিএনপির নেতাকর্মীদের এই উদ্যোগ সফল করার জন্য ধন্যবাদ জানান।
প্রশাসক বলেন, এলাকাটির পানির সংকট নিরসনে আরেকটি নতুন পানির পাম্প স্থাপনের দাবির বিষয়ে ইতিবাচক সম্মতি জানান এবং দ্রুত স্থান নির্বাচন করে সিটি কর্পোরেশনের অনুমোদন ও ওয়াসার মাধ্যমে কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।এছাড়া, খালের মাধ্যমে পানি নিষ্কাশনের চলমান প্রকল্প ও পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করার বিষয়ে জোর দেন।
তিনি অসচ্ছলতা ও অন্যায্য আন্দোলনের মাধ্যমে গার্মেন্টস খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার প্রচেষ্টার সমালোচনা করেন এবং সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এছাড়াও ফুটপাত দখলমুক্ত রাখা এবং কিশোর গ্যাং রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, "আমি এই এলাকার সন্তান এবং নির্বাচনের ফল যাই হোক না কেন, সর্বদাই জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাবো। এলাকার সুপেয় পানি সরবরাহ বৃদ্ধি ও উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।" অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আ. দৈ./একে




















