মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
ঢাকায় দিনব্যাপী এআই বিজনেস সামিট আগামী বৃহস্পতিবার : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ০)
X

ডাক টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৫ নভেম্বর দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সম্মেলনের উদ্বোধনী অধিবেশন বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় সক্ষমতা অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এর ইতিবাচক সম্ভাবনার পাশাপাশি অপব্যবহার ও নেতিবাচক প্রভাব নিয়েও আলোচনা বাড়ছে। এ বাস্তবতায় বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক উন্নত অর্থনীতির পথে এগিয়ে নিতে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, আগামী দিনের অর্থনীতির জন্য এআই ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এআই ফর টুমরোজ ইকোনমি’। মানুষ, ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তা—এই তিনটির সমন্বয়ের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা ও ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা বাড়ানোই এ উদ্যোগের মূল দর্শন।

মন্ত্রী জানান, দিনব্যাপী সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব, এর প্রয়োগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য এ অধিবেশনে অর্থনৈতিক রূপান্তরে এআইয়ের ভূমিকা, নীতিগত চ্যালেঞ্জ, দক্ষ মানবসম্পদ এবং প্রযুক্তিগত অবকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।

দ্বিতীয় অধিবেশনে ব্যবসায়িক উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে অংশীদারত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। এ অধিবেশনে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনবল তৈরির বিষয়ে আলোচনা হবে। বিকেল ৩টায় তৃতীয় অধিবেশনে ডিজিটাল সহকর্মী হিসেবে এআই এজেন্টের ভূমিকা নিয়ে আলোচনা হবে। 

ব্যবসায়িক কার্যক্রমে অর্ডার প্রক্রিয়াকরণ, লেনদেন সমন্বয় এবং বিভিন্ন শিল্প খাতের বাস্তব সমস্যার সমাধানে স্থানীয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে এ অধিবেশনে আলোচনা করা হবে। সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ.দৈ/এসআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝